Thursday, 26 November 2015

আমি



হয়েই আমি নেয়ে ধুয়ে,
মায়ের কোলে শুই ।
কেঁদে উঠলাম একটু আগে ,
হবে মিনিট দুই ।।

লাল চামড়া হাতটা মোড়া ,
চোখ খুলি না আমি ।
বাবা কোলে নিলেন যেন ,
সোনার চেয়েও দামী ।।

ছোট্ট আমির মাথা ভরা চুল,
নখ গুলো খুব ছোট ।
মা এর কোলে দিয়ে বাবা ,
তোলেন একটা ফটো ।।

বোঁটকা একটা গন্ধ গায়ে,
দিচ্ছি এখন হামা ।
কদিন পরে খাওয়াবে ভাত,
ঘরে এসে মামা ।।

চলছি আমি থুপুক থুপুক,
দিচ্ছি ঢেলে জল ।
কখনও বা কলম চালাই,
হারিয়ে ফেলি বল ।।

বলতে পারি ছড়া আমি ,
চিনতে পারি ছবি ।
মেঝেয় বসে আঁকি আমি,
অনেক মাছ আর পাখি ।।

সাজি আমি যাব বলে,
বাবার কোলে চড়ে ।
বাবা যাবেন ভুটভুটিতে,
শুনেই কান্না ঝরে  ।।

দিন কয়েকের জন্য বাবা,
কাজে গেলেন চলে ।
রাত দিন তাই মাকে কাঁদাই,
বাবা যাব বলে ।।

চার বছরে ভাইকে পেলাম,
ভুল করেছি যদি ।
ভাই শিখবে তোমায় দেখে,
তুমি যে এখন দিদি ।।

                  - Moumita Sahu  



No comments:

Post a Comment