Sunday, 4 February 2018

বট বৃক্ষ

বনবিথি মাঝে শতেকের কাছে ,
পরকে আপন করে ;
কত প্রাণ আছে ঐ ভাঁজে ভাঁজে ,
তোমাকে জড়ায়ে ধরে ।।

কোঠরে আছে পেঁচা ও পেঁচানী ,
সংসার করে সুখে ।
ডালের ওপরে কত শত পাখি ,
খেলছে হাসি মুখে ।।

কাঠবেড়ালি ওঠে আর নামে ,
সারাদিন  হাসে খেলে ।
কুকুর বিড়াল কিংবা শৃগাল ,
তন্দ্রা যায় তোমা তলে ।।

হাজার হাজার পাখি এসে বসে ,
ক্ষুধা নিবারণ তরে ।
কাঠুরিয়া এসে জ্বালানী কুড়ায় ,
অবারিত তব দ্বারে ।।

কেউ বলে সেথা দেবতার বাস ,
উপদেবতাও কেউ বলে ;
তোমার ছায়াই কামনা সবার ,
ছলে বলে কৌশলে ।।

নিজেকে ঝরিয়ে বাঁচিয়ে রাখো ,
পুরানো শরীর ছেড়ে ।
কোন ঝঞ্ঝাই নোয়াতে পারেনা ,
সেবিছ উচ্চ শিরে ।।

করিও আশিস আমারে তুমি ,
নিঃস্বার্থ উদার মনে ।
তোমার মতোই মাথা উঁচু করে ,
সেবা করি প্রতি জনে ।।                      


মৌমিতা সাহু ,  
৪ঠা ফেব্রুয়ারি ২০১৮,  ব্যাঙ্গালোর
  

Monday, 29 January 2018

নবমীর চাঁদ

নবমীর রাতে আধো চাঁদনীতে ,
কুয়াশা জমছে বুকে ।
আজ মোহময়ী হয়েছে বসুধা ,
তারার মায়াবী চোখে ।।

 অদূরেতে পাহাড় দাঁড়ায়ে ,
তার ছায়া পড়ে জলে ।
ঝিকমিক করে মন্দা জোছনা,
দীর্ঘ  দীঘল ঝিলে ।।

নিজেকে পুড়িয়ে উষ্ণতা দেয় ,
ছাই ঢাকা  অঙ্গার ।
সেথা বসে ভাবি শুধু তারই মুখ ,
সে মোর অহংকার ।।

মৌমিতা সাহু
৩০শে জানুয়ারি ২০১৮ , ব্যাঙ্গালোর



Wednesday, 24 January 2018

বিপর্ণক

গোধূলির রং যারে ছুঁয়ে দিয়ে গেছে ।
সেই রং আজও তার গায়ে মাখা আছে ।।
স্নিগ্ধ ভোরের মতো মুখে তার হাসি
যারে দেখি হৃদি মোর যায় সুখে ভাসি ।।

আগুন ঝরায়ে গায়ে সেরেছে যে স্নান ।
কোনো প্রহরেতে সে হয় নাকো ম্লান ।।
উন্নত শির তার, দাঁড়ায়ে একাকী ।
নত করি শির মম যারে আমি দেখি ।।

গহন কানন মাঝে কিবা পথ ধারে ।
নিজেকে মেলেছে ধরি সকল মাঝারে ।।
জন্ম লও সহস্রবার এই বসুধায়।
এ আঁখি তখনও রবে তব প্রতীক্ষায় ।।

মৌমিতা সাহু
২৪ই জানুয়ারি ২০১৮ , ব্যাঙ্গালোর

Wednesday, 17 January 2018

বৈষম্য

সবুজের মাঝে আছে কিছু লাল,
আর আছে কিছু সাদা ।
কারোবা  আছে গোলাপির মায়া,
কারোবা হলুদ কায়া।।

কেহ আছে পড়ে মাটিকে আঁকড়ে ,
কেহ মাথা তুলে চায় ।
কেহ ঝুলে বাঁচে অন্যের গলে ,
কেহ গগন ছোঁয়ায় ।।

বাকল ঝরায় বছরের পরে,
কারো ঝরে পড়ে পাতা
কেউ ভরে ওঠে রাশি রাশি ফুলে,
কারো দেহ ভরা কাঁটা ।।

সকল বাঁচে নিজ নিজ পথে,
একই ধরণীর বুকে ।
মনুষ্য জাতি আজও কেন তবে,

শত বৈষম্য খোঁজে ?


মৌমিতা সাহু

১৭ই জানুয়ারি ২০১৮ , ব্যাঙ্গালোর