Friday, 9 June 2017

আকাশকুসুম

চোখের দেখা দেখব বলে , ভোর বেলাতে উঠি ।
তোমার উদয় হাওয়ার পর, ধীরে সুস্থে ফুটি ।।
সমস্ত দিন তোমার তেজে , একটু করে পুড়ি ।
সন্ধ্যে বেলায় অস্ত গেলে , ধুলায় লুটে পড়ি ।।
যেদিন আকাশ মেঘে ঢাকে, যেদিন তোমার ছুটি ;
আড়ালেতেই আছো জেনে , ঝড় বাদলায় টুটি ।।
দিনভর ঐ আকাশ পানে , তাকিয়ে আমি দেখি ।
মেঘে ঢাকা মলিন আলো , সারা গায়ে মাখি ।।
চোখ ধাঁধাঁনো রশ্মি তোমার ,  দূরত্বটাও বেশি ।

চোখ নামিয়ে দেখব বলেই , অপেক্ষাতে বসি ।।


মৌমিতা সাহু
০৮ ই জুন ২০১৭ , ব্যাঙ্গালোর

Wednesday, 17 May 2017

অন্তহীন চক্র

ঐ দুইচোখে আগুন নিয়ে, তাকায় কেমন করে ?
দুপুর গড়িয়ে সন্ধ্যে নামে, রাত শেষ হয় ভোরে ।।
তখনও পোড়ায় তিল তিল করে , গনগনে ঐ আঁচে ।
কাল গেলে পরে , শ্বাসও ফুরালে, পরিণত হয় ভস্মে ।।
সব রাত শেষে , কেন রবি হাসে ?  গায়ে মাখে কেন আলো ?
ভস্ম থেকে মাথা তুলে বলে , আজ দিন বড় ভালো ।।
ড্রাগনের মুখে , ঐ দুইচোখে , জ্বলছে অগ্নিশিখা ।
ফিনিক্স জন্মে পোড়ার জন্যে , মেলে সে রঙিন পাখা ।।


মৌমিতা সাহু
১৮ই মে  ২০১৭ , ব্যাঙ্গালোর

Saturday, 29 April 2017

গাঁঠছড়া

বর এসেছে যাত্রী সাথে ।
কনে তৈরি পাতা হাতে ।।

শতেক লোকের হুড়োহুড়ি ।
প্রেম যেন ঐ আসলো পড়ি ।।

মন্ত্র শেষে মধ্য রাতে ।
রইল তারা অপেক্ষাতে ।।

তখনও কেন প্রেম আসে না ?
তাই নিয়ে হয় দুর্ভাবনা !!

অন্য দিকে পথের ধারে ।
প্রেম গেছিল বন্য ঘরে ।।

ভোর রাত্রে ফেরার পথে ।
পড়েছে প্রেম গভীর খাতে ।।

উদ্ধার তার আজ হবে না ।
কারো মনে প্রেম রবে না ।।

তবুও কায়া বাসবে ভালো ।
নিভবে যখন আশার আলো ।।

প্রেম কে ছাড়াই বাঁধবে যে ঘর ।
সে মনুষ্য জাতি, বড় বর্বর ।।



মৌমিতা সাহু

৩০শে এপ্রিল ২০১৭, ব্যাঙ্গালোর