Wednesday, 3 August 2016

খোঁজ

এই পৃথিবী কতো শিশু আছে,
যার নেই কোন ঘর !
যার কাছে নেই মায়ের স্নেহ,
সকলে করেছে পর ।।

এই পৃথিবীতে কতো ঘর আছে, 
যেখানে নাইকো মা !
ধনসম্পদে সে ঘর ভরে,
শূন্যতা ঘোঁচে না ।।

এই পৃথিবীতে কতো মা আছে,
যার কোল আজও শূন্য !
কেউ এসে তাকে ধরে না জড়ায়ে,
কাঁদে না মায়ের জন্য ।।

এই পৃথিবীতে কতো মাথা আছে,
যার পরে নাই ছাদ !
কতো কোলে আছে অভুক্ত শিশু,
করছে আর্তনাদ ।।

এই পৃথিবীতে কতো জন আছে,
ভালোবাসা যে চায়না !
সকলে  ছুটছে রক্তের খোঁজে,

তাইতো চেয়েও পায়না ।।


মৌমিতা সাহু
ব্যাঙ্গালোর, ০৩/০৮/২০১৬

Tuesday, 2 August 2016

মন্ত্রীর রাজা

দেশে তখন ছিল রাজা,
সাথে ছিল মন্ত্রী ।
রাজা ছিল ভোলাভালা,
মন্ত্রী ষড়যন্ত্রী ।

রাজা বসে গদির ওপর,
ভরসা মন্ত্রী  পাশে ।
রাজদরবারের সব সমস্যা,
সামলাবে সেই শেষে ।

রাজা শোনে মন্ত্রীর কথা,
মন্ত্রী শোনে নিজের ।
রাজ্য জুড়ে  হয় হাহাকার,
কেউ শোনেনা  যাদের ।

চোর  ডাকাত সব মন্ত্রীর সাথী,
করে তারা অনাচার ।
কোন  অপরাধী পায়না সাজা,
হয়না কোন বিচার ।

একদিন হল ঘোর বিদ্রোহ ,
শেষ হল  রাজতন্ত্র ।
রাজার রাজ্য থাকলো না আর ,
শুরু  হল গণতন্ত্র ।

সবাই মিলে করে নির্বাচন,
গণনা হল শেষ ।
রাজা হল প্রজা এখন,

মন্ত্রীর হল দেশ ।



মৌমিতা সাহু
ব্যাঙ্গালোর, ০২/০৮/২০১৬

Saturday, 30 July 2016

ইচ্ছেনদী

রাজকুমারী ইচ্ছেনদী, হৃদয়রাজার  কন্যা ।
ভয়রাজ তারে করেছে বন্দী ,
আমার চোখে বন্যা ।।

সাত সমুদ্র তের নদী, আসলে বিশটা বাধা ।
ইচ্ছেনদীর  সাথেই হবে,
জীবন আমার  বাঁধা ।।

রাজকুমারী ইচ্ছেনদী, খোলো ঐ  দুই আঁখি ।
জাগো জাগো এইবেলা,
হও তুমি মোর সাথি ।।

সাত সমুদ্র তের নদী, পার করেছি সবই ।
কতো খুঁজে খুঁজে পেয়েছি তোমায়,
কেটেছে সহস্র  দিনরাতি ।।

সোনার ছোঁয়ায় জাগো তুমি, রুপোর ছোঁয়ায় ঘুমাও ।
ভয়রাজার ভয়ে ভয়ে,
বিদায় কেন জানাও ?

শোনো শোনো রাজকন্যা , আমার কথা শোনো ।
তোমায় ফেলে কখনো যাবোনা,
আমায় আপন যেন ।।

সাহস করে খুঁজতে হবে, ভয়রাজার প্রাণ ভ্রমরা ।
তুমি আমার সাথি হলে,
যুদ্ধে জিতব মোরা ।।

ভয়রাজের প্রাণ ভ্রমরা, সে  ছিল মনের কোনে ।
দিয়েছি তারে বিদায় করে,
ফিরবেনা আর এ মনে ।।

হৃদয়রাজের রাজ্যে আবার, ফিরেছে রাজকন্যা ।
ইচ্ছেনদী  আমার  রানী,
মনে খুশির বন্যা ।।


মৌমিতা সাহু

ব্যাঙ্গালোর, ৩০/০৭/২০১৬