Saturday, 30 April 2016

অবাঞ্ছিত

এই যে সব আগাছার দল,
গজিয়ে উঠেছ নিয়ে দলবল ।
জানোনা এটা আমার উঠোন,
নয়তো কোন পুরনো দালান ।

আমার উঠোনে ফুলের বাহার,
বাহারি পাতাও আছে থরে থর ।
তোমারতো শুধুই পাতা সম্বল ,
না আছে ফুল না আছে ফল ।

লতাপাতা, বলে না কিছু ।
লজ্জাবতী বলে, করে মাথা নিচু ।
এটাই আমার দেশের মাটি,
উপড়ে দিলেও আবার বাঁচি ।
চাইনিতো সেবাযত্ন তোমার ,
আঁকড়ে থাকি মাকে আমার ।

তুমি কি জানো,
যখন তোমার শিশু কাঁদে,
কাজের মেয়েটা ভোলায় তাকে ।
কি করে জানো ?
আমার কাছে আনে তাকে,
সবুজ পাতায় হাত বোলাতে ।
কচি হাতের স্পর্শ পেয়ে ,
আমার পাতা যায় গুটিয়ে ।
তাই না দেখে শিশু তোমার ,
খিলখিলিয়ে হাসে আবার ।
তোমার ঐ বাহারি পাতা পারে ,
আমার মতো মন ভোলাতে ?

নাও নাও এবার উপড়ে ফেলো ,
বেকার কথায় দেরি হোল ।
তুমি আমায় শেষ করলেই ,
আবার শুরু করতে হবে ।


Moumita Sahu
30th April 2016, Bangalore

Wednesday, 20 April 2016

মনবাজারে খরিদ্দারি

মনবাজার নামে এক জায়গায় বেশ খানিক জায়গা জুড়ে একটা বাজার বসে । সেখানে ভালোবাসা, রাগ, দুঃখ, হিংসা, যন্ত্রণা, সাধ আহ্লাদ, আভিমান, হ্যাংলামি, লজ্জা শরম সব সব কেনা বেচা হয় । ছেলে মেয়ে বুড়ো বুড়ি বৌ বর সবাই আসে সেখানে খরিদ্দারি করতে । সেই বাজারে এক বিক্রেতা আর তার কিছু ক্রেতাদের কথোপকথন এই লেখার মুল বক্তব্য ।


বিক্রেতা  - ৫০০ টাকা কিলো, ৫০০ টাকা কিলো । টাটকা তাজা মিষ্টি খাঁটি ভালোবাসা মাত্র ৫০০ টাকা কিলো ।


প্রথম ক্রেতা - (চোখ বড় বড় করে, অবাক কণ্ঠে)৫০০ টাকা , বল কিগো ভাই । গলা কেটে নেবে নাকি ভালবাসার জন্য ।


বিক্রেতা - কি করব বলুন দাদা , বসন্ত কাল পড়েছে, ভালবাসার সিজিন তো , তাই দামটা একটু চড়ার দিকে । কিন্তু আপনি কোয়ালিটিটা একবার দেখুন । একটা কণাও ভেজাল ভালোবাসা পাবেন না । একটুকরা নিয়ে এখানেই কাউকে দিয়ে টেস্ট করে দেখুন না ।


প্রথম ক্রেতা - আরে বাবা টেস্ট করে কিনতে হলে কি আর অন্য কারো কাছে যেতে পারতাম না ? তোমার জিনিসে বিশ্বাস আছে বলেই না সোজা তোমার কাছে এসেছি । নইলে বাজারে কি আর দোকান নেই । তোমার বৌদি বেরনোর সময়ই বলে দিয়েছে , যেন তোমার থেকেই ভালোবাসা নিয়ে যাই ।


বিক্রেতা -(খেক খেক করে হেসে) বৌদি ভালো আছেন তো ? নিয়ে যান না দাদা , যতো খুশি নিয়ে যান , বলেন তো আমার ছেলে কে দিয়ে আপনার বাড়ি পৌঁছে দিই । কতো দেব দাদা ?


প্রথম ক্রেতা - সে ঠিক আছে , কিন্তু তুমি দামটা বড্ড বেশি বলছ ভায়া । ঠিক করে দাম বলো আগে ।


বিক্রেতা - আপনাকে কি আর বলি । কিলোতে ১০ টাকা কম দেবেন । (অন্য ক্রেতা দের ভালোবাসা ওজন করে দিতে দিতে) ভালো জিনিস তো, এখুনি শেষ হয়ে যাবে ।


প্রথম ক্রেতা - ৪৯০ টাকা কিলো । পারবো না ভাই , ছেড়ে দাও । এ সপ্তাহ তাহলে ভালবাসা ছাড়াই চালাতে হবে দেখছি । দেখি অন্য দোকানে কি পাওয়া যায় ।


বিক্রেতা - আরে দাদা , চললেন কোথায় । কতো দেবেন তো বলুন ।


প্রথম ক্রেতা - ৪৫০


বিক্রেতা - মরে যাব দাদা , এক দম মরে যাব । অনেক কষ্টে জোগাড় করেছি । আপনি ৪৮০ করুন । (এই বলতে বলতে সে ২ কেজি ভালোবাসা প্যাক করতে লাগল )


প্রথম ক্রেতা - আরে আরে, করো কি কারো কি । ২৫০ গ্রাম দাও । ১২০ টাকা হয় তোমার কথা মতো । ১০০ দিলাম, এই নাও ।


বিক্রেতা - নির্বাক ।


প্রথম ক্রেতা - আরে ভায়া , শেষ বার ভালোবাসা নিলাম তোমার থেকে , ২৫০ গ্রামই নিয়েছিলাম । এতো ভালো ছিল ভালোবাসাটা, অল্পেই কাজ হয় । ছেলে মেয়ে বৌ বাবা মা সবাই খুশ । এখনও বাড়িতে কিছুটা আছে । থাকতে থাকতেই নিয়ে যাওয়া ভালো, নাকি বল ।


বিক্রেতা - (নিরাশ গলায় ) হ্যাঁ হ্যাঁ


(প্রথম ক্রেতা চলে গেলেন । বিক্রেতা আবার হাঁক ডাক শুরু করলো) ৫০০ টাকা কিলো, ৫০০ টাকা কিলো । টাটকা তাজা মিষ্টি খাঁটি ভালোবাসা মাত্র ৫০০ টাকা কিলো ।


দ্বিতীয় ক্রেতা - দাদা , দিনতো ৫ কেজি ভালোবাসা ।


বিক্রেতা -(চোখ মুখ থেকে আনন্দ ঠিকরে পড়ছে । ৩২ টা দাঁত দেখানোর চেষ্টা করে বলল) ৫ কেজি? এতো ভালোবাসা কি হবে ভাইটি ? কোন অনুষ্ঠান আছে বুঝি ।


দ্বিতীয় ক্রেতা -(টাকা গুনতে গুনতে)আরে না না । নতুন বিয়ে করেছি তো তাই । এখনই তো ইনভেসট করার সময়, তাই না ।  এই নাও তোমার টাকা । চলি দাদা ...


বিক্রেতা - নিশ্চয়ই নিশ্চয়ই । (দ্বিতীয় ক্রেতা চলে গেলেন । বিক্রেতা আবার হাঁক ডাক শুরু করলো একই সুরে) ৫০০ টাকা কিলো, ৫০০ টাকা কিলো । টাটকা তাজা মিষ্টি খাঁটি ভালোবাসা মাত্র ৫০০ টাকা কিলো ।


তৃতীয় ক্রেতা - এই যে ভাই ভালোবাসা দোকানি ।


বিক্রেতা - বলুন বাবু কতো দেব ? কেজি দুয়েক দিই? কুড়িয়ে বাড়িয়ে আর কেজি ৩ হবে । আপনি যদি ২ কেজি নেন তবে এখনকার মতো গুছিয়ে ফেলি ।


তৃতীয় ক্রেতা - আরে দাঁড়াও দাঁড়াও । এতো তাড়া কিসের তোমার । আমি তো এলাম তোমার সাথে গল্প করতে । এখনই ফিরবে ?


বিক্রেতা - আর দাদা যা গরম পড়েছে , বাড়ি ফিরে একটু বিশ্রাম করব । আবার তো বিকেলের ব্যাবসা আছে ।যতো তাড়াতাড়ি সব ভালোবাসা বিক্রি হয়ে যায় ততো ভালো । নাহলে এতো কষ্ট করে জোগাড় করা ভালোবাসা সব এই গরমে পচে যাবে ।


তৃতীয় ক্রেতা - আচ্ছা দোকানি , তোমার কাছে কি শুধুই ভালোবাসা পাওয়া যায় ? আর কিছু নেই ?


বিক্রেতা - নাহ, আর কিছু নেই তেমন । আমি শুধু আসল ভালোবাসা বেচি । আপনার কি অন্য কিছু চাই বাবু ?


তৃতীয় ক্রেতা - নাহ । আমার কিছু চাই না । শুনেছি রাগ আভিমান হিংসা লোভ এই সবে মুনাফা আনেক বেশি ।


বিক্রেতা - হ্যাঁ বাবু, দাম তো আছে । কিন্তু আমার মন চায়না বেচতে । আমি সেই ছোট্ট থেকে বাবার সাথে ভালবাসাই বেচি । বাবার মৃত্যুর সময় বাবাকে কথা দিয়েছিলাম , অন্য কিছু বেচব না । 


তৃতীয় ক্রেতা - হুম বুঝলাম । তা কোথায় পাও তুমি এতো খাঁটি ভালোবাসা ? জান, আমি অনেক দুর থেকে আসছি তোমার সাথে দেখা করব বলে । শুধু জানব বলে কোথায় পাও তুমি এতো সুন্দর ভালোবাসা । শুনেছি তোমার মতো ভালোবাসা আর কেও দিতে পারে না । 


বিক্রেতা - সে তো সবাই জানে বাবু । আমি বন জঙ্গল , পশু পাখী , জল নদী বাতাস এই সব থেকে ভালোবাসা পাই । তাই বেচি ।


তৃতীয় ক্রেতা - সে তো শুনছি অন্যের মুখে । কিন্তু কেউ নাকি বিশ্বাস করে না । সবাই বলে তুমি নাকি মন্ত্র যান ।


বিক্রেতা - না বাবু , আমি কোন মন্ত্র জানি না । আমি রোজ আমার বাড়ির গাছ গুলোতে জল দিই । গরুটাকে খেতে দিই , তার গলায় হাত বুলিয়ে দিই । বেড়াল ছানাটাকে আমার ভাগের দুধ মাছ দিই । কুকুরটাকে খেতে দিই । পুকুরে শুকনো পাতা বা আবর্জনা হলে সাফ করি । এরা তার বদলে আমাকে অনেক ভালোবাসা দেয় । সত্যিকারের ভালোবাসা । যা পাই তাতে আমার পরিবারের সবার চাহিদা মিটে যাওয়ার পর যা বাঁচে, তাই তো আমি বেচি । সবাই যদি এসব করে তবে আর কাউকেই ভালোবাসা বাজারে কিনতে হবে নাসবাই এমনিই খুশি থাকবে ।


তৃতীয় ক্রেতা - (হালকা একটু হেসে) ঠিক বলেছ তুমি । এবার উঠি গো দোকানি । দাও তোমার যেটুকু ভালোবাসা আছে সব ব্যাগে ভোরে দাও । আর একটু কষ্ট দিও তো সাথে ।


বিক্রেতা -(ভালোবাসা ব্যাগে ভরতে ভরতে) এই নিন বাবু । আপনার মতো খুব কম লোকই ভালোবাসার সাথে একটু কষ্ট চায় । সবাই কে বলি না যে আমার কাছে কিছু কষ্ট আছে । যারা চায় তাদের দিই । টাকা নিই না । আপনি ভালোবাসার সাথে কষ্ট কেন নিলেন বাবু ? আর আপনি জানলেন কি করে আমার কাছে কষ্ট আছে ?


তৃতীয় ক্রেতা - (হালকা দীর্ঘশ্বাস ছেড়ে ) এ এক বিলাসিতা হে । কষ্ট ছাড়া ভালোবাসা , অনেকটা ওই রায়তা ছাড়া বিরিয়ানি বা কাসুন্দি ছাড়া চিকেন কাবাবের মতো , কেমন ফাঁকা ফাঁকা লাগে বুঝলে । আর কি করে জানলাম তোমার কাছে কষ্ট আছে, সে না হয় অন্য একদিন বলবো । আজ চলি হে ... (বলেই চলতে শুরু করলেন)


বিক্রেতা -(কিছুক্ষণ হ্যাঁ করে তাকিয়ে থেকে, হঠাৎ প্রায় চিৎকার করে বলল) আবার আসবেন বাবু । 




মৌমিতা সাহু
20/04/2016, ব্যাঙ্গালোর



Wednesday, 16 March 2016

৫১বর্তী



মা বলে আমার যখন এক বছর নয় মাস বয়স তখন আমরা দেশের বাড়ি ছেড়ে বাবার চাকরির জায়গায় চলে এসেছিলাম । আর তখন থেকেই আমার পৃথিবী মানে আমি আমার মা আর বাবা । তার কিছুকাল পর সেই পৃথিবীতে আর এক সদস্য যোগ দিয়েছিল, আমার ভাই । পারিবার বলতে যা বোঝায় তা মোটামুটি এর মধ্যেই সীমিত । রক্তের সম্পর্কের মানুষই যে আপন, না হলে পর তা বিশ্বাস করার শিক্ষা আমি ছোট থেকে পাইনি । তবে আপনজন আর পরিবার দুটো জিনিস কি এক? পরিবারের এমন মানুসজন থাকে যারা কোনদিনই আপনজন হয়ে উঠতে পারে না । আবার পরিবারের মানুষ না হয়েও অনেকেই আপনজন হয়ে যায় আনায়াসে । এই পরিবার আর আপনজন নিয়ে লিখলে হয়তো একটা গোটা বই লেখা যায় , যদিও আমার এখনও সেই যোগ্যতা হয়নি, তাও বুঝতে ঠিকই পারি । মানুষ যেমন পরিবারের জন্য আপনজনকে দুরে সরিয়ে দিতে পারে , তেমনি আপনজনের জন্য পরিবারেরও রক্ত ঝরাতে পারে । আমার বাবা , মায়ের অনেক ভাই বোন , তাদেরও অনেক ছেলে মেয়ে। সেদিক থেকে আমার পরিবার বেশ বড়সড় কিন্তু তা সত্যেও, আমি কখনো এতো বড় পরিবারের আপনজন হতে পারিনি । মনে হয়, বিশাল কোন বড় পুরনো গাছের তিন পাতার একটা ছোট্ট একটা ডাল কোন এক বিষম ঝড়ে ভেঙ্গে অনেক দুরে গিয়ে পড়েছে । আর সেই ডাল থেকে আবার নতুন গাছের জন্ম হয়েছে । এখন সেই গাছের চারটা পাতা, কিন্তু একটাই প্রান । এমনি হাজার ছোট বড় গুল্ম, লতা, বৃক্ষের মাঝে আমাদের ছোট্ট নতুন প্রানকে সজীব সতেজ সুন্দর ও স্বাস্থবান রাখার প্রচেষ্টা চলছে ।
আমাদের বাড়ির আশেপাশে অনেক যৌথ পরিবারের বাস ছিল, এখনও আছে । তাতে কতো ভাই বোনেরা বড়ো হয়ে উঠেছে একসাথে । তাদের দেখে আমার মনে হতো, আমরাও যদি একসাথে থাকতাম কতো ভালো হত বড় হতে হতে আরও বুঝলাম এই সব পরিবার আর সব পরিবারের মতোই । একসাথে থেকেও এরা কেউ কারো আপনজন হয়ে উঠতে পারেনি । ধিরে ধিরে আমার বিশ্বাস হতে শুরু করেছিল , এই পৃথিবীতে এমন কোন একান্নবর্তী পরিবার নেই, যারা শুধু একই অন্নেই নয় প্রকৃত অর্থেই একত্রে সুখে বসবাস করছে । এই বিশ্বাস আমাকে এই অভাব বোধ থেকে খানিক মুক্তি দিয়েছিল । মনে হত, এত বড় পরিবারের সাথে থাকলে হয়তো এত স্বাধীনতা পেতাম না, এই বেশ ভাল । পরিবার পুরো না থাকলেই বা , আপনজনেরতো আভাব নেই । এই আপনজনেরাই পারিবার । শুধু দ্বিধা বোধ করি যখন কেউ পরিবারের ব্যাপারে প্রশ্ন করে । বাবার কজন ভাই বোন , কি করে, কোথায় থাকে , এই পর্যন্ত তাও ঠিক থাকে । কিন্তু সমস্যা হয় পরের প্রশ্নে, কাকা, পিসি এদের ছেলে মেয়ে কতো জন, তারা কতো বড়ো, তাদের নাম কি ? মুশকিলে পরে যাই আমি । ছেলে মেয়ে কতো জন জানি , তবে তাদের নাম আর কে কোন ক্লাসে পরে, এতো সব আমি জানি না । এমন তুতো ভাইও আছে যাকে আমি কখনো চোখেই দেখিনি । সে যাই হোক, কোন ভাবে এই সব অস্বস্থিকর প্রশ্নের ভাসা ভাসা উত্তর দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করিতখন মনে হয়, আমার পারিবারের লোক জন আপনজন না হোক, পারিবার হিসেবে থাকলেও ঠিক ছিল । পরিবারের লোকজন এখন শুধুই দুঃসম্পর্কের মানুষ । যারা কিছু সামাজিকতা , নিয়ম কানুন আর দায়ব্ধতার জন্যই নিজেদের মধ্যে যোগাযোগ অনুভব করে । যারা না আপনজন, না পরিবার , শুধুই অপ্রয়োজনীয় তিক্ত রক্ত সম্পর্ক । পরিবারের সাথে সম্পর্ক ত্যাগের জন্য নেহাত কোন যথাযথ বিচ্ছেদ আইন নেই । তা নাহলে এই সামাজিক প্রয়োজনীয়তা টুকুও পড়ত না । তবে পরিবার আর আপনজন নিয়ে ভিন্ন মনোভাব থাকলেও, আমি একদিন এমন এক পরিবারের সাথে খুব স্বল্প সময়ের জন্য সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম, যার পর আমার চিন্তা ভাবনার কিছু পরিবর্তন ঘটেছে    
যদিও আমি এখন একজন কোয়ালিটি ইঞ্জিনিয়ার , তবে এটা পূর্বপরিকল্পিত মোটেই না । সময়ের সাথে সুযোগ আর বাবা, মা, শিক্ষক ও বন্ধুদের সাহায্য মিলিয়ে আজকের এই পরিচয়ের জন্ম । লোকজন সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষার পর নিজের পছন্দ মতো বা পরিবারের উপদেশ মতো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির জন্য প্রস্তুতি নেয়, কোচিং নেয় । আমার ছোট থেকে বরাবরই অঙ্ক ভীষণ ভালো লাগে । অঙ্ক , ধাঁধা এই সব সমাধান করতে আমার বড়ো ভাললাগে । ছোট থেকে অঙ্ক ছাড়া অন্য কিছু নিয়ে পড়ার কথা ভাবিনি । তাই যেখানে যা অঙ্কের পরীক্ষা হত , তাই দিতাম । ফল সব সময় ভালো হত তা নয়, তবে তাতে আমার উৎসাহ কম হত না । এই উৎসাহ এখনও থাকলেও , ক্লাস ইলেভেন টুয়েলভ এ বুঝেছিলাম, ভালোলাগা কেই ভবিষ্যৎ বানানো ঠিক হবে না । ভবিষ্যতের জন্য এমন কিছু চাই, যা আমার ভালোও লাগে আর সামলানোও যায় বেশি ভাবতে হল না, দ্বিতীয় যা ভালো লাগে তা হল, বায়োলজি। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে মোটামুটি খুশিতেই আছি । যদিও বাবার উপদেশে ডাক্তারির জন্য পরীক্ষা দেব বলে ফর্ম ভরেছি, তবে, আমি প্রায় নিশ্চিত ছিলাম যে, আমি বায়োলজি নিয়েই পড়ব । তাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম নিজে নিজেই । 

দেখতে দেখতে পরীক্ষার দিন এসে গেল । পরীক্ষার সিট পড়েছে বাড়ি থেকে প্রায় ষাট সত্তর কিলোমিটার দুরে । পরীক্ষার আগের দিন দুপুরের খাওয়া তাড়াতাড়ি সেরে বাবার সাথে বেরিয়ে পড়লাম । সাথে রাতের পোশাক, গামছা, ছিরুনি, ব্রাশ, কোলগেট আর তিনটি পাতলা পাতলা প্রশ্ন উত্তরের বই, পেন, পেনসিল আর পরীক্ষার অ্যাডমিট কার্ড । বাবা আমাকে নিয়ে গন্তব্যস্থলে যখন পৌঁছলেন তখন বেলা তিনটের বেশি । বাস থেকে নেমে, এদিক ওদিক দেখে একটা দোকানের সামনের ব্রেঞ্চে আমাকে বসিয়ে জিনিসপত্র রেখে বাবা বেরোলেন রাত কাটানোর জায়গার ব্যাবস্থা করতে । দুরে কিছু ছোট খাটো হোটেলের নাম দেখা যাচ্ছেবসে রইলাম, বাবা ফেরার অপেক্ষায়প্রায় মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ পর বাবা ফিরে এলেন । ঘামে ভিজে গেছেন, মুখটা বিকেলের রোদে পুড়ে আরও কালো দেখাচ্ছে । বাবা হতাশ হয়ে জানালেন, কোন হটেলেই একটাও ঘর খালি নেই । তাহলে কি হবে এখন? বাবাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল । মনে হল বলি ‘ফিরে চলো বাবা’ । কিন্তু সাহস হচ্ছিল না । কি করি কি করি এমনি ভাবছেন , এমন সময় রাস্তার ওপারের একটা সাইকেল দোকানের দিকে বাবার নজর গেল । বাবা বেশ খুশি হয়ে , বললেন, ‘আয় আমার সাথে’ । দোকানে এক ভদ্র লোক একটা সাইকেল মেরামত করছিলেন । বাবা কে দেখে প্রায় জড়িয়ে ধরলেন । দুজনের এতো খুশি দেখে বুঝলাম, অনেক দিন পর দুই আপনজনের দেখা হয়েছে । ভদ্র লোক বাবাকে চা ও আমাকে মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করলেন । বাবা বললেন, ‘সে সব হবে পরে । আমার একটা উপকার করতে পার ?’ ভদ্র লোক বললেন ‘বলুন না, কি করতে পারি ।’ বাবা বললেন ‘মেয়ের পরীক্ষা । তাই এখানে এসেছি । কিন্তু কোন হটেলেই জায়গা নেই । এখানে যদি কোথাও থাকার ব্যাবস্থা হয় । একরাতের জন্য ! যা টাকা হয় দেব । মেয়েকে নিয়ে বিপদে পড়ে গেছি ।’ ভদ্র লোক বললেন ‘আপনি এখানেই বসুন । আমি দশ মিনিটে ঘুরে আসছি।’ এই বলেই তিনি চলে গেলেন । ফিরে এলেন আর একজন ভদ্র লোককে নিয়ে । তাঁদের বাড়িতেই সে রাতের জন্য আমাদের থাকার ব্যাবস্থা করেছেন । বললেন, “এদের অনেক ভাই, সবাই একসাথে থাকে । বাড়িতে অনেক লোকজন, আমার বয়সী মেয়েরাও আছে । তাই ভয়ের কিছু নেই ।” ভদ্র লোক এত কিছু ভেবেছেন ভেবে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা থাকলো না ।
বাজার থেকে ভদ্র লোকের বাড়ি যাওয়ার জন্য যখন যাত্রা শুরু করলাম তখন সূর্য অস্ত যায় যায় । পশ্চিম আকাশ সিঁদুরে সেজে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে তৈরি । সেই রাঙা আকাশকে সামনে রেখে এগোচ্ছিলাম । এরকম রাস্তায় যাওয়ার সে ছিল এক নতুন অভিজ্ঞতা । এবার দেখলাম, নদীর বাঁধের মতো অনেক উঁচু দিয়ে রাস্তা । তার দুই দিকে লাল টালির ছাওয়া বাড়ি । অনেক নিচুতে বাড়ি গুলি । ওপর থেকে বাড়ির দেওয়াল দেখা যায় না । ঘন গাছপালায় ঘেরা বাড়ি গুলোর লাল টালির চাল (ছাদের চলতি বাংলা) ঠিক যেন বড় বড় কোন লাল জংলী ফুল । প্রায় সন্ধ্যা হয় হয়, এমন সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম । যে বাড়িতে আমরা থাকব, সেটি পাকার, বাকি গুলো সব মাটির, টালির ছাদ, রাস্তায় দেখা বাড়ি গুলোর মতো । বাড়ির ভেতরে এসে দেখি এক মাঝারি উচ্চতার বছর চল্লিশের একজন মহিলা সাথে বছর একুশ বাইশের একটি মেয়ে, আসুন আসুন করে আমাদের আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেলেন । মুখের গড়ন, চেহারায় মিল দেখে বোঝা যায় এঁরা মা মেয়ে । প্রথম মনে হল কি করে জানলেন, আমরা আসছি। পরে মনে হল, টেলিফোন করে দিয়েছিলেন হবে । প্রায় সঙ্গে সঙ্গে আরও দেখে অবাক হলাম এই যে , আরও তিন চারটি বড় ছোট মেয়ে হাজির হয়েছে আমাদের আশেপাশেআমাকে দেখে বলল “তুমি আমাদের সাথে যাবে?” । আমি কি বলব ভেবে পেলাম না ভদ্র মহিলা, তাদের ধমক দিয়ে বললেন , “এই এসেছে , স্নান করে কিছু খেয়ে একটু বিশ্রাম নিতে দে। তোরা যা এখন ।” তাদের মধ্যে একটা বছর বার তেরর মেয়ে আমার হাত ধরে বলল, “আমি একটু পর এসে তোমাকে নিয়ে যাব ।” দরজার বাইরে একটা দুরের ঘর দেখিয়ে বলল “ওই ঘরটায় । তুমি যাবে তো? সবাই তোমার সাথে পরিচয় করবে বলে আপেক্ষা করছে”আমি কিছু বলার আগেই সে দৌড়ে পালাল । ছাদের একটা সুন্দর ঘরে আমাদের থাকতে দেওয়া হল । প্রথমেই স্নান সেরে নিলাম । কিছু খেয়ে বাবা কে জিজ্ঞেস করলাম, একটু ঘুরে আসব কি না । বাবা বললেন, “যা ঘুরে আয় , আমি একটু বিশ্রাম করিরাতের খাওয়ার সময় ডাকিস ।” নিচে নেমে এসে দেখি , সেই ছোট্ট মেয়েটা এসে গেছে । আমি বাড়ির ভদ্র মহিলাকে বললাম “কাকিমা আমি একটু ঘুরে আসি ?” উনি রান্না চাপাতে চাপাতে বললেন , ‘এসো’। আর ছোট্ট মেয়েটাকে বললেন ‘বেশিক্ষণ আটকে রাখবি না । কাল পরীক্ষা আছে । আজ তাড়াতাড়ি খেয়ে ঘুমবে ।’ মনে হল আমার মা যেন ওনাকে সব শিখিয়ে দিয়েছেন । বাড়ির বাইরে বেরিয়ে দেখি চারিদিক নিঃঝুম । কেউ কোথাও নেই । সব বাড়ির বাইরে একটা করে বাল্ব জ্বলছে । একটা বাড়ির বারান্দা পেরিয়ে , আর একটা বারান্দা দিয়ে অন্য একটা ঘরে পৌঁছলাম । আয়তাকার ঘরের একদম শেষে একটা খাট , অন্য চার পাশে নানা আসবাবে ভরা । টেবিল, চেয়ার , আলমারি ছাড়া হারমনিয়ামও ছিল একপাশে । সেই ঘরে একে একে সবাই এলছোট বড়ো এক গুচ্ছ মেয়ের দল । তার পর আমার একটা ছোটোখাটো ইন্টার্ভিউ হল কোথায় বাড়ি, কেন এসেছি , পরীক্ষার জন্য পুরোপুরি তৈরি কিনা , ভয় করছে কিনা । গান নাচ জানি কি না । কি খেতে ভালো লাগে । কি খেতে ভালো লাগে না । সিনেমা দেখি কি না । কার কোন সিনেমা । আর ও হাজারো প্রশ্ন । সঙ্গে সঙ্গে তাদের কার কি পছন্দ অপছন্দ তাও বলল । তাদের মধ্যে একজন বলল , “আমরা সব বোনেরা বেশিরভাগ সময় এই ঘরটাতেই থাকে”এদের মধ্যে সব চেয়ে যে বড়ো , তার নাম ‘মৌমিতা’ । ইংরেজিতে এম এ করছে । অন্যদের নাম মনে নেই । মনে হল, দুজন মৌমিতার জীবন একদম দুরকম । দুজনের বাড়ির পরিবেশ , বড় হয়ে ওঠা সব আলাদা, শুধু নামটাই এক । আমরা বাড়ি চলে আসার পরও আমাদের বেশ কয়েকবার ফোন করেছিল এই মৌমিতাদি । আমাদের মধ্যে কেমন একটা সুক্ষ্ম টান তৈরি হয়েছিল, যা পরে কখন যে ছিঁড়ে গেছে টেরই পাইনি । সেদিন অনেক গল্প , হাসি ঠাট্টার পর খাওয়ার ডাক পড়তে ফিরে এলাম । এক সন্ধ্যায় আমি ওদেরই একজন হয়ে গেছিলাম ওরা সবাই আমাকে পৌঁছে দিয়ে গেল ঘরেকেউ কেউ মন খারাপ করল , তাদের বাড়ি যাওয়া হল না বলে । ফিরে এসে বাবাকে ঘুম থেকে তুললাম । ডাল , ভাত , ডিম ভাজা , আলু ভাজা , সবজি দিয়ে রাতের খাওয়ার হল । মনেই হল না, বাইরে কোথাও খাচ্ছি । রাতে খুব ভালো ঘুম হল । সকাল সকাল উঠে স্নান সেরে তৈরি হয়ে গেলাম । ভাবলাম, এমনি বেরিয়ে যাব , কিন্তু কাকিমা ছাড়লেন না । বললেন ‘সারাদিনের পরীক্ষা, একটু গরম ভাত খেয়ে যাও’ । ভাত, ডাল, মাছের ঝাল খাওয়া হল । সেই মাছের ঝালের স্বাদ ঠিক মায়ের রান্না মাছের ঝালের মতো ছিল । বেরোনোর আগে আবার সবাই হাজির , সবার সে কী মন খারাপ । পরীক্ষা শেষে আমরা যেন আবার ফিরে আসি । অন্তত আর একটা দিন থেকে যাই । যদি, আজ ফিরে নাও আসি তবে যেন কথা দিই, আবার আসব । যোগাযোগ রাখব । যাদের বাড়িতে ছিলাম তাদের মেয়ে কলেজে থার্ড ইয়ারের ছাত্রি । আমরা স্বজাতি শুনে কাকিমা মেয়ের জন্য ভাল পাত্র দেখার জন্য বাবাকে অনুরোধ জানালেন । শেষে হাসি মুখে সবাইকে বিদায় জানিয়ে পরীক্ষা সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ।

পরীক্ষা দিয়েছিলাম , ফল যে ভাল হয়নি সে তো সবাই বুঝতেই পারছেনডাক্তারি পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হয়েছি । ইঞ্জিনিয়ার হয়ে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি । আমাদের জীবনে সব কিছু পুর্বনির্ধারিত বা পুর্বপরিকল্পিত হয় না । আর স্থায়ীও হয় না । পছন্দ অপছন্দ, চিন্তা ভাবনা পাল্টায় । সিদ্ধান্ত পাল্টায় । মানসিকতা পাল্টায় । সমস্যা পাল্টায় । সমাধানের পথ পাল্টায় । জীবনের পথে এই আবিরাম পরিবর্তন আমাদের উপহার দেয় ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও শিক্ষা । সে অভিজ্ঞতা কখন মধুর ,কখনও তিক্ত । সেই রাতে আমি পেয়েছিলাম একটা একান্নবর্তী পরিবার আর অনেক আপনজন, যারা একই অন্নে লালিত পালিত হয় না ঠিকই, একই ছাদের তলায় ও থাকে না , তবু তারা এক । আবার একই সাথে অন্য আর পাঁচটা পরিবারের থেকে কিছু আলাদা । আমি অন্তত সেই একটা রাতের জন্য সেই পরিবারের সদস্যের সাথে সাথে তাদের আপনজন হতে পেরেছিলাম এই উপলব্ধি আমাকে আজও বার বার সুখি করে । আর এই ভেবে আস্বস্থ করে যে , একান্নবর্তী না হলেও অন্তত একে অন্যের পাশে বর্তমানেও থাকা যায়।   

Moumita Sahu
16/03/2016                 
         

Sunday, 28 February 2016

মোতি

গরম কাল আমার বরাবরই পছন্দের কাল। শীত আমার কখনই ভালো লাগে না । এই ভাললাগা না লাগার অনেক কারন। শীতের রকমারি ফুল ফল সবজি যতই হোক, তার চেয়ে গ্রীষ্মের দুপুরের গরম বাতাসে ভেসে আসা আমের মুকুলের গন্ধ আমার বেশি প্রিয় । কনকনে ঠাণ্ডায় উষ্ণ জলে স্নানের চেয়ে, ভীষণ গরমে ঠাণ্ডা জলে স্নান ঢের বেশি আরামের । শীতকালে ভোর হয় দেরিতে , সন্ধ্যে হয় তাড়াতাড়ি । ব্যাপারটা মোটেই ভালো লাগে না আমার । ভরা গরমে সকাল স্কুল থেকে ফিরে , দুপুরে লম্বা ঘুম, তার পর বিকেলে সাইকেলে ঘুরে বেড়ানো , কখনো ক্রিকেট খেলা । আরও কতো কি । গরমে ঘামে ভেজা গায়ে টেবিল ফ্যানের সামনে বসে হাওয়া খাওয়ার মতো আরামের আর কিছু আছে বলে আমার মনে হয় না । তাছাড়া আমার সব চেয়ে প্রিয় বিকেল শেষে হঠাৎ কালবৈশাখী । এই সবই পাই গরম কালে । মনে পড়ে এমনি কোন গরমের সন্ধ্যায় বাড়ির বাইরে মাদুরে বসে হারিকেনের সামনে পড়তে বসা । ছোট থেকে বড় হয়ে উঠতে উঠতে এরকম হাজারো ভাললাগার স্মৃতি জমে উঠেছে আমার মনের মণিকোঠায় । সেগুলো একদিন গুছিয়ে বলবো । সেদিক থেকে শীতের স্মৃতি বেশ কম । বেশি কিছু মনেই পড়ে না । শীত বললেই মনে হয় লেপ ছেড়ে বেরনোর কষ্ট, স্নান করে সুখ নেই, কনকনে ঠাণ্ডা হাওয়া, সারাক্ষণ সোয়েটার টুপি পরে থাকা আর রাতে খাওয়ার পর গরম উনুনের সামনে বসে হাত পা সেঁকা যা কিনা পাঁচ মিনিটে ঠাণ্ডা হয়ে যায় । আসলে ভালো না লাগলে, মনে কোন জিনিসই থাকে না। তাইতো মানুষ , অনেক টাটকা কষ্টের স্মৃতি ভুলে , তার চেয়েও পুরনো সুখের স্মৃতি মনে করে সুখে দিন কাটাতে পারে । তবে আজ আমি এক শীতের সন্ধ্যার একটা সুখের স্মৃতির কথা বলব।

সময়টা শীতের শুরুর দিকে । কোন এক রবিবারের দুপুর । তখনও আমি সাইকেল চালাতে শিখিনি । সেলুনে চুল কেটে বাবার সাইকেলের পেছনে আমি আর সামনে ভাই বসে বাড়ি ফিরছি । গ্রামের মোরাম রাস্তা ধরে বাবা ধিরে ধিরে সাইকেল চালাচ্ছেন। গ্রামের রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয় । সেই সব রাস্তা দিয়ে যাওয়া আসার সময় আমি মোড় গুনতাম । পোস্ট আফিস, তার পর রেশন দোকান , তার পর ঝাড়ারবাড়ি , তারপরের মোড়ে একদিকে আমাদের বাড়ি অন্য দিকে কুমড়িদের বাড়ি । এই রেশন দোকান আর ঝাড়ার বাড়ির মাজে একটা পাড়া পড়ে । সেই পাড়ার পরে নাম হয়েছিল ‘নেতাজী সুভাষ পল্লী’ । তবে আমি যখনকার কথা বলছি তখন কোন বিশেষ নাম ছিল না । আমরা যখন সেই পাড়ার কাছাকাছি এসেছি, হঠাৎ দেখি একটা ছোট্ট সাদা বলের মতো কুকুর ছানা থুপ থুপ করে গলির রাস্তায় ঢুকছে । পাড়ার প্রথম আর দ্বিতীয় বাড়ির মাঝে সে যোগ দিল তার মা আর ভাই বোনদের সাথে । বাবা সাইকেলটা আরও ধিরে করে একটু পা লাগিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ । আমি বললাম ‘বাবা ওটাকে নিয়ে যাব ?’ বাবা বললেন ‘না না, কারও বাড়ির পোষা এরা , দেবে কেন !’ মনটা খারাপ হয়ে গেল । বাড়িতে ফিরে মাকে কুকুর ছানার গল্প শোনালাম । সেই গল্পের প্রথম অধ্যায় হাসি মুখে আর শেষ অধ্যায় দুঃখী মুখে শুনিয়েছিলাম । বিকেলে হঠাৎ দেখি বাবা সেই সাদা তুলতুলে নরম বলের মতো কুকুর ছানাটাকে বাড়ি এনেছেন । সবার কি মজা । মা একটু কিন্তু কিন্তু করছিল কিন্তু আমাদের খুশিতে না খুশি হয়ে পারল না । যাদের কুকুর তাদের বাড়ি গিয়ে বাবা আমার জন্য নিয়ে এলেন । তারা খুশি হয়েই দিয়েছিল । দেশি কুকুর বলে খুব বেশি আদর ছিল না তাদের বাড়িতে। তাতে আমাদের কিছুই যায় আসে না । তখন আমাদের খুশির সীমা ছিল না । নতুন অতিথির জন্য বিশেষ ধরনের নতুন সাবান , পাওডার এলো । একটা কাঠের বাক্স এল , তাতে খড় বিছিয়ে পুরনো কাপড় দেওয়া হল । শীত কাল ঠাণ্ডা না লেগে যায় । সেটাতে তার ঘুমনোর ব্যাবস্থা । ঘরের কোনায় তার বিছানা্টা রাখা হল । পরের দিন চেন কেনা হল । ঠিক সময় করে তাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হত । কিছু দিনের মধ্যে তাকে ভেটেনারি ডাক্তারের পরামর্শে  ইঞ্জেকশানও লাগানো হয়েছিল । তবে এসবের আগে যেটা হয়েছিল , সেটা হল নামকরণ । বাড়িতে নতুন আতিথি , তার নামকরণ হওয়া সব চেয়ে জরুরি ছিল । অনেক ভেবে বাবা নাম রাখলেন , ‘মোতি’ । আর সেদিন থেকে মোতি আমাদের পরিবারের এক সদস্য হয়ে গিয়েছিল ।

মোতি আসার দুই সপ্তাহ হয়েছে। এখন তাকে বাড়ি সামনের প্রাচীর ঘেরা খোলা জায়গায় খেলার জন্য ছেড়ে দেওয়া হয় । সঙ্গে কেউ থাকে যেন সে রাস্তার দিকে চলে না যায় । ছোট্ট মোতি না বুঝে রাস্তায় চলে গেলে গাড়ি চাপা পড়তে পারে । নিদেন পক্ষে সাইকেলে ধাক্কা তো দেবেই । তাই তার পাহারায় কেউ না কেউ থাকেই । এতো সতর্কতার মধ্যেও সেদিন মোতি হারিয়ে গেল । বাড়ির আসে পাশে , পুরো পাড়া সব খুঁজে ফেলা হল । কিন্তু মোতিকে পাওয়া গেল না । চোখ ফেটে জল এলো । কান্না কিছুতেই থামে না আমার । তারই মধ্যে কেউ বলল , নদীর দিকে যাওয়ার রাস্তায় একটা ছোট্ট ছেলে একটা সাদা কুকুর নিয়ে যাচ্ছিল, যার গায়ে কালো ছোপ ও ছিল । কিন্তু তখন সন্ধ্যে হয়ে গেছে । শীত কালের বেলা, এমনিতেই ছোট । সেই অন্ধকারে নদীর রাস্তায় যাওয়া সম্ভব ছিল না । বাড়িতে মা আমি আর ভাই । বাবা তখনও ফেরেননি । আমরা বাবা আশার আপেক্ষা করতে লাগলাম । মা আমাদের পড়তে বসিয়ে দিলেন । কিছুক্ষণ পর পড়াতে দাদা (মাস্টার মশাই) এলো । পড়ায় কিছুতেই মন বসছিল না । বার বার খালি কাঠের বাক্সটার দিকে তাকাচ্ছিলাম । কান্না আসছিল । রাত আটটার দিকে বাবা বাড়ি ফিরলেন । কাঁদো কাঁদো মুখে আমি বাবাকে বললাম , বাবা, মোতি হারিয়ে গেছে । মা বলল , কোন বাচ্চা নিয়ে চলে গেছে । সঙ্গে সঙ্গে বাবা বেরিয়ে গেলেন সাইকেল নিয়ে । বাবা যখন ফিরলেন তখন রাত প্রায় দশটা বাজে । আমি খুব আশা করেছিলাম, বাবা মোতিকে ঠিক খুঁজে আনবেন । সাইকেলের শব্দ শুনে, তাড়াতাড়ি দরজা খুলে দিলাম । প্রথম প্রশ্ন , বাবা মোতি কোথায় ? বাবা বললেন , অনেক খুঁজেও মোতির কোন খোঁজ পাওয়া যায়নি । কাল আর একবার খুঁজতে যাবেন । মনে হল বাবা মজা করছেন । বাবার আসে পাশে , পেছনে গিয়ে দেখলাম। মনে হল মোতি এসেছে, বাবা কোথাও লুকিয়ে রেখেছেন । কিন্তু, হতাশ হলাম খুঁজে না পেয়ে । প্রায় মেনে নিচ্ছিলাম যে মোতি ফেরেনি, এমন সময় আমার চোখ গেল বাবার পেটের দিকে । বাবার পেটটা একটু বেশি মোটা লাগছে না ! সন্দেহ আর থাকলো না যখন দেখলাম, মোতির ছোট্ট ছোট্ট পা গুলো বাবার শীতের কোটের তলা দিয়ে বেরিয়ে আসছে । সঙ্গে সঙ্গে বাবার কোটের জিপটা টেনে খুলে ফেললাম , আর মোতি মাটিতে নেমে কুই কুই করতে লাগলো । কোটের ভেতর সে বেশ আরামেই ছিল । মাটিতে নেমে সে ঠাণ্ডা বোধ করছিল । বাড়িতে খুশির ধুম পড়ে গেল । মোতি এসে গেছে , এখন তাকে নিয়ে কেউ আর মাথা ঘামাচ্ছে না । আমি তাকে তুলে কাঠের বাক্সে শুইয়ে দিলাম । সবাই ব্যাস্ত এই জানতে যে , বাবা তাকে পেলেন কোথায় । বাবা শোনালেন আর এক গল্প । আমাদের বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে, নদীর ওপারে একটা ছোট্ট বাজার মতো আছে , শীতের রাত বলে প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে । এক দুটো দোকানে   জিজ্ঞেস করে তেমন কিছু জানা গেল না । তারি মধ্যে কেউ বলেছিল, সামনে মুসলমান বসতি , সেখানের কোন বাচ্চা নিয়েও আসতে পারে । এদিক সেদিক খুঁজেও যখন তিনিও আশা প্রায় ছেড়ে দিয়েছেন তখন এক মুসলমান ভদ্রলোক জিজ্ঞেস করলেন, “কুকুর ছানা? আমার ছেলে একটা সাদা কুকুর আজ বিকেলে কত্থেকে এনেছে , বলল কুড়িয়ে পেয়েছে । আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি ।” ভদ্রলোক কুকুরের সাথে তাঁর ছেলে কেও নিয়ে এলেন আর তাকে মারতে শুরু করলেন । বাবা কোন রকমে তাকে থামিয়েছিলেন । তিনি বলেছিলেন ‘না মারলে আবার কারো বাড়ির জিনিস নিয়ে আসবে , না বলে’ । সে শীতের সন্ধ্যার কথা আজও আমার মনে পড়ে ।

এর পর মোতি বড় হল । বেশ সুন্দরি ছিল সে । গায়ের লোম মসৃণ  চকচকে ছিল । মায়া ভরা চোখে তাকিয়ে থাকত সে । তাকে আর চেন দিয়ে বেঁধে রাখা হতো না । সে ঘরের আসে পাশেই থাকতো । দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাত । খাওয়ার সময় খেত । মা বলত, ‘যেমন বাড়ির তেমন কুকুর । এ বাড়ির সবাই অলস’ । এর মধ্যে সে আমাকে একবার ভয় পেয়ে কামড়েও ছিল । প্রতি বছর মোতির ছোট ছোট ছানা হত । তাদের অনেকেই নিয়ে যেত । আমাদের সাথে হোলি খেলত, আর রং মেখে ফটোও তুলত মোতি । প্রায় নয় বছর আমাদের পরিবারের একজন হয়ে ছিল সে । তখন আমি হস্টেলে চলে গেছি । একদিন সন্ধ্যায় মায়ের সাথে কথা বলার জন্য ফোন করেছিলাম , তখন মা জানিয়েছিল মোতি আমাদের ছেড়ে চলে গেছে । হু হু করে কেঁদে ছিলাম সেদিন । মনে হচ্ছিল আমি আমার কতো প্রিয়জনকে হারিয়ে ফেলেছি , বাড়ি ফিরে যাকে আর কোন দিন দেখতে পাবো না । বাড়ির গেট থেকে আমাকে লেজ নেড়ে সে ভেতরে নিয়ে যাবে না , বাস স্ট্যান্ডে ছাড়তে আসবে না , শান্ত দু চোখ মেলে সব কথা বুঝে যাবে না । বাইরের বিড়াল ঘরে এলে তাকে না তাড়িয়ে, অলস ভাবে শুয়ে থাকার জন্য মা আর কাউকে বকবে না । আমাদের বাড়িতে মোতি বলে আর কাউকে ডাকা হবে না । আর ভুল করে ডাকলেও কেউ চুপ চুপ এসে পেছনে দাঁড়াবে না । মা আভিমানে বলবে না ‘সাড়া দিতে পারছিস না !’ । সে যে অনেক দুরে চলে গেছে, যতই কষ্ট হোক, বাবা এবার আর কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারবেন না ।
        
 Moumita Sahu
29/02/2016, Bangalore

          



     

Tuesday, 26 January 2016

সপ্ন

বন্ধ দারের আগল ভেঙ্গে, সপ্ন আসে মনে
অলস শরীর ঘুমিয়ে থাকে, মিঠা সপ্ন ভ্রমে ।।
ভাঙা দরজার দোরে বসে সপ্ন অপেক্ষায়
এবার বুঝি জাগবে শরীর, করবে তারে জয় ।।
অঘোর ঘুমে শরীর মশাই, পাশ ফিরে না চায়
সপ্ন শেষে ক্লান্ত হয়ে অন্য মনে যায় ।।
অলস শরীর উঠল শেষে দিবানিদ্রার পরে
বিশাল একটা হাই তুলে সে, ভাবল ঘুমের ঘোরে ।।
‘সপ্নটা আজ খাসা ছিল, ছিল নরম গদি’ !
‘সপ্নে ছিলাম রাজার রাজা, সত্যি হত যদি ’ !!

     মৌমিতা সাহু

/০১/২০১৬, ব্যাঙ্গালোর 

Monday, 25 January 2016

সন্তান


ন্যাশানাল হাইওয়ে সিক্স , কলকাতা থেকে মুম্বাই যাওয়ার জাতীয় সড়ক । সবাই সাধারণত বোম্বাই রোডই বলে এটা আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দুর দিয়ে গিয়েছেএই চল্লিশ কিমি এসে বোম্বাই রোড ধরে পশ্চিম দিকে এগিয়ে যেতে হয় আরও কুড়ি কিলোমিটার জায়গাটার নাম বসন্তপুর । কেউ বলে, অকড়া বসন্তপুরআবার কেউ কেউ শুধুই অকড়া বলে । এই বাস স্ট্যান্ড এর সব চেয়ে কাছের গ্রামের নাম সুলতানপুর । তাই বাসে, সুলতানপুর বললেও চলে । সুলতানপুর যেতে হলে, বাস থেকে নেমে রাস্তা পার হতে হয় । সুলতানপুরের চৌধুরিদের বাড়ি বললে যে কোন রিক্সা ওয়ালা নিয়ে যাবে । ধান চাষের জমি, গাছগাছালি ঘেরা ছোট বড় মাটির , ইটের বাড়ি পেরিয়ে, বড় শ্মশান আর শিব মন্দির এসে পড়লেই বুঝবে, পৌঁছে গেছি ।   

এই চৌধুরীদের বাড়িতে চার ভাই এর বাস বাড়ির সবাই খুব ভদ্র, নম্র ও শান্ত স্বভাবেরচার ভাই তাদের নিজের নিজের পরিবারের সাথে ছাদের তলায় আলাদা আলাদা সংসার করে । তবে সেটা খাওয়ার সময় ছাড়া খুব একটা বোঝার উপায় নেই । কারন তাদের রান্না ঘর টুকুই শুধু আলাদা, মন গুলো সব এক এক টুকরো মাছও কিভাবে তিনজনকে ভাগ করে, হাসি মুখে সম্মানের সাথে খেতে দিতে হয় তা এই পরিবারের গৃহিণীরা খুব ভালো ভাবেই জানত । শুনেছি আমার বাবা এবং এক কাকা এক সময় এদের বাড়িতে থেকে বাচ্চাদের টিউশান পড়াতেন । তাই এদের বাড়ির সবাই বাবাকে ‘মাস্টারমসয়’ বলে ডাকত সে আমার জন্মের অনেক আগের কথা । তবে সেই থেকেই আমাদের পরিবার আর এই চৌধুরী পরিবারের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং আমার জন্মের পর থেকে মা বাবার সাথে আমারও যাতায়াত শুরু হয় এই বাড়িতে

বড় ভাই শ্রী মদন চৌধুরী। বসন্তপুর বাস স্ট্যান্ডে নেমে বোম্বাই রোড পেরিয়ে গলির মোরাম রাস্তা ধরে একটু এগোলেই তার সাথে দেখা হবে । সেখানেই রাস্তার ধারে একটা পানের দোকান আছে তার । স্ত্রী লতিকার, ঘরের কাজ থেকে মুহূর্তের বিরাম নেই। দুই ছেলে দেবাশিস আর প্রেমাশিস । দেবাশিস বড়, প্রেমাশিস ছোট । আর এক মেয়ে শিখা । এছাড়া মেজ ভাই এক ছেলে আশিস আর তার স্ত্রীর সাথে থাকেসেজ ভাই এর দুই ছেলে । লেলু আর ফেলু । কেউ কেউ লালা ফেলা বলেও ডাকত । এই লেলু আর ফেলু আমার চেয়ে কয়েক বছরেরই বড় ছিল । তাই ওখানে গেলে সারক্ষণ ওদের সাথে ঘুরে বেড়ানোই আমার একমাত্র কাজ ছিল । প্রেমাশিস দাদা, লেলু আর ফেলু আমাকে বনু বলে ডাকত । এতো মিষ্টি করে আর কেউ কখনো আমাকে বনু বলে ডাকেনি । আর একটা ব্যাপার হল এদের বড় ভাই আর সেজ ভাই দুই আপন বোনকে বিয়ে করে । লতিকা আর মলিনা । তাই এই দুই পরিবারের মধ্যে সম্পর্ক আরও বেশি ভালো ছিল । ছোট ভাইয়ের তিনটি মেয়ে । তার মধ্যে বড় আর মেজও আমার খেলার সাথি ছিল ।

আমরা মুলত বড়র মানে মদন জেঠুর বাড়িরই অতিথি ছিলাম । আমরা গেলে মলিনা মাসিদের আর লতিকা জেঠিমাদের রান্না একসাথে হত । সকালে আমার ঘুম থেকে ওঠার আগেই লেলু আর ফেলুর লেখাপড়া শেষ হয়ে যেততার পর তাদের সাথে পাড়ার এদিক সেদিক ঘোরা, নদী পাড়ে ধুরতে যাওয়া, কাঁচা টক কুল, কাঁচা পেয়ারা পাড়া এই সব করে দুপুর হয়ে যেত । দেবাশিস দাদা ছাড়া লেলু ফেলু যমকেও ভয় পেত না । তাই দেবাশিস দাদা বলার আগেই স্নান আর দুপুরের খাওয়াটা সেরে ফেলতে হত । খাওয়ার পর ঘুমনোর অনেক চেষ্টা করেও যখন ঘুম আসতো না তখন সকলে লুডো বা সাপ সিঁড়ি খেলতে বসতাম । কোন কোন দিন বিকেলে মায়ের সাথে কংসাবতীর বেড়াতে চরে যেতাম। সেখানে নদীর ওপারের সবাই আসতো আমার আর মায়ের সাথে দেখা করতে । সাথে পিঠে, দুধ, নারকেল, নারকেল নাড়ু, তাল শাঁস নিয়ে আসত । নদীর ওপারে আমাদের দেশের বাড়ি, ধর্মপুরেসেখানে আমাদের যাওয়া মানা ছিল, বড়দের কোন এক বোকা বোকা মান আভিমানের কারনে। মা বলে আমি যখন এক বছর নয় মাসের তখন আমাকে নিয়ে বাবার কাছে চলে আসে বাবার কাজের জায়গায় । তার পর থেকে আমি আর মা সেখানকার পাড়ার জেঠিমা কাকিমা , দাদা দিদিদের সাথে নদীর চরেই দেখা করতাম । সারা বিকেল নদীর বালি ঘেঁটে ঘেঁটে, সন্ধ্যার সময় আবার ফিরে আসতাম মদন জেঠুদের বাড়িতে । সারা দিনের পরিশ্রমের পর সন্ধ্যায় খুব তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ত সবাই । আমরা ছোটরা একটা ঘরে মলিনা মাসির সাথে ঘুমোতাম । দু তিনটা মাদুর একসাথে পেতে লাইন দিয়ে বালিশ দেওয়া হত । সকালে উঠে দেখতাম আমি বিছানায় একা, বাকি সবার ঘণ্টা তিনেক আগেই সকাল হয়েছে ।

সালটা ১৯৯৫ কি ১৯৯৬ । বোম্বাই রোড তখনও ওয়ান ওয়ে হয়নি । বোম্বাই রোড ওয়ান ওয়ে হওয়া শুরু হয়েছিলো ১৯৯৮ এর পর, বাইজপেই এর সময় । একটাই রাস্তায় বড় বড় মাল বোঝাই লরি, বাস , ট্যাক্সি, মারুতি, মোটর সাইকেল সব ছুটছে । রাস্তার বাম দিক ধরে গাড়ি গুলো দেশের পূর্ব থেকে পশ্চিমে ছুটে চলেছে ঝড়ের বেগে আর ডান দিক দিয়ে পশ্চিম থেকে পূর্বে । সেসময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পেরতে হতো । আমাদের বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে একটা কলেজ আছে । প্রেমাশিসদা সেই কলেজে ভর্তি হয়েছিলো । সে রোজ বাড়ি থেকে এতো দূরে কলেজ করতে আসতো । সকাল থেকে বেরিয়ে সন্ধ্যে বেলায় ফেরা । তাই, এই রাস্তা পেরিয়ে বাসে চড়া, বা বাস থেকে নেমে রাস্তা পেরনো তার রোজকার জীবন যাপনের অংশ ছিল। মাঝে মাঝেই শনিবার ক্লাস শেষে আমাদের বাড়িতে থেকে যেত । একেবারে সোমবার ক্লাস করে বাড়ি ফিরত । সেরকমই এক শনিবার, সকাল ১০ টার কাছাকাছি, রান্না ঘরে মা রান্নায় খুবই ব্যাস্ত । আমি মায়ের কাছেই কিছু একটা করছিলাম । বাবা বাথরুমে স্নানে গেছেন । রোজকার মতো বাবা স্নান সেরে বেরলেই মা খেতে দেবে । আর আমি বাবার সাথে এক থালায় খেয়ে, বাবার সাইকেলে চড়ে স্কুলে যাব । হঠাৎ বাবার স্কুলের একজন অশিক্ষণ কর্মী মানে সহজ ইংরেজিতে যাকে বলে নন-টিচিং স্টাফ সাইকেল নিয়ে হাজির। সবাই তাকে হাওড়া বলেই ডাকে, ভালো নাম তপন । তখন হাতে হাতে মোবাইলতো দুরের কথা, বাড়িতে বাড়িতে ল্যান্ড লাইনও ছিল না । আমাদেরও ছিল না । আমাদের ল্যান্ড লাইন হোল, ১৯৯৮ এর শেষের দিকে বা ১৯৯৯ এর শুরুতে । সে যাই হোক , তাই আমাদের যে কোন ফোন আসত, হয় বাবার স্কুলে, নয়তো আমাদের পাশের বাড়িতে । তা সেদিন ফোনটা এসেছিল স্কুলের ফোনে । স্কুল যাওয়ার ঠিক আগে স্কুলের কারো বাড়িতে আশা দেখেই মা বুঝেছিল কিছু জরুরি ব্যাপারেই এসেছে । মা জিজ্ঞেস করায়, তিনি বললেন, বসন্তপুর থেকে ফোন এসেছিল । প্রেমাশিস নামে কারো অ্যাকসিডেন্ট হয়েছে, মারা গেছে। বাবা পড়িমরি করে বাথরুম থেকে বেরিয়ে ভালো করে জিজ্ঞেস করে বুঝলেন, নাম বা জায়গা কোনটাই শুনতে সে ভুল করেননি । সঙ্গে সঙ্গে বাবা মা আর ছোট্ট ভাই এর সাথে পৌঁছলাম সেখানে ।

 সেদিনের ছবি এখনও আমার চোখে ভাসে । কেউ দাওয়ায় মাটিতে বসে, কেউ বারান্দার সিমেন্টের খুঁটি ধরে দাঁড়িয়ে । কেউ চিৎকার করে কাঁদছে, কেউ বা ফিস ফিস করে কথা বলছে আবার কেউবা বোবার মতো চুপ করে আছে । টুকিটাকি কথাবার্তায় জানা গেল, সেদিনও সে অন্যান্য দিনের মতো সকালে স্নান সেরে খেয়ে বেরিয়েছিল কলেজ যাবে বলে । আর বলেছিল, কলেজ শেষে আমাদের বাড়িতেই থাকবে । ফিরবে সোমবার ।

ওদের ঘরে ঢুকলেই বাম দিকে ছোট্ট একটা বৈঠকখানা, তার পর একটা ঘর , আর সামনে টানা বারান্দা শেষ হয়েছে রান্না ঘরের দরজায় । টানা বারান্দার কোন বড় জানালা ছিল না । তাই ভেতরটা দিনের বেলাও বেশ অন্ধকার লাগত । বারান্দার ডান দিকে, ওপরে, সব সময় একটা বাঁশ বাঁধা থাকতসেটাতে বাড়ির সকলের নিত্য পরা জামা কাপড় ঝুলিয়ে রাখা হত ।  সেদিন গিয়ে আমি ঘরের এদিক ওদিক ঘুরছিলাম । জেঠিমা পাগলের মতো কাঁদছে । মলিনা মাসির কেঁদে কেঁদে চোখ লাল । কাপড়টা মুখে চেপে ধরে ফিস ফিস করে একে ওকে সকালে প্রেমাশিসদা কি কি করেছিল, কি কি বলেছিল, সেই সব বার বার বলছে, আর চোখ মুছছে । ঘুরতে ঘুরতে হঠাৎ সেই বাঁশটার দিকে চোখ পড়ল আমার, দেখি সেখানে প্রেমাশিসদার ঘন নীল রঙের ওপর খুব পাতলা সাদা চেকের জামাটা তখনও ঝুলছেশেষবার সে, সেটা পরেই এসেছিল আমাদের বাড়ি । রোগা , ৫’৩’’ হাইট হবে খুব জোর । ধারালো মুখটা মনে পড়ল সেই নীল জামা পরেই শেষ বার দেখেছিলাম তাকে । বিশ্বাস হচ্ছিল না, সবাই তার মর দেহ আশার আপেক্ষা করছিল তাকে যখন আনা হল তখন বেলা পাঁচটা মতো । ততক্ষণে কি করে কি হয়েছিল সে সবও জানা হয়ে গিয়েছিল ।

 ভাত খেয়ে সাইকেল নিয়ে সে তাড়াতাড়ি পৌঁছায় বসন্তপুর বাস স্ট্যান্ডে । পেনের কালি শেষ হয়ে গেছিল। বাস আসতে মিনিট ৫ দেরি দেখে, রাস্তার ওপারে একটা দোকান থেকে পেনটা রিফিল করাতে যায় সে । সেখান থেকেই খেয়াল করে , বাস চলে এসেছে । বাস ছেড়ে যাবে এই চিন্তায় , গাড়ি না দেখেই রাস্তা পার হচ্ছিল সে । প্রায় রাস্তা পেরনোর মুখে পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়া এক বিশাল মাল বাহি ট্রাক সজোরে ধাক্কা মারে তাকে । অনেকটা দূরে লাল ছোট ছোট কঠিন বোলডারের ওপর ছিটকে পড়ে তার শরীরটাডান গালে একটা পাথরের টুকরো ধুকে যায় । আশেপাশের লোকজন সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে ভ্যান রিকশার তোলে । সামনে ৫০০ মিটারের মধ্যে একটা নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে একবার বমি করে সে । সকালের সব খাওয়ার বেরিয়ে যায় । আর তার পর সব শেষ । ইন্টারনাল হেমারেজ । মৃত দেহ আনার পর দেখলাম ডান গালে একটা গর্ত । আর পুরো শরীরে তেমন আধাতের দাগ নেই । ময়না করার জন্য, পুরো কপাল আর বুকটা কাটা হয়েছে , আবার সেলাই করে দেওয়া হয়েছে । জেঠিমাকে ছেলের মৃত দেহ থেকে সরানো যাচ্ছিল না । কোন ক্রমে তাকে সরিয়ে , দেহ নিয়ে সকলে চলে গেল শ্মশানে

এর পর আমি যতবার শ্মশানের পাশের রাস্তা দিয়ে জেঠুদের বাড়ি গিয়েছি ততবারই সেখানকার পড়ে থাকা কালো কালো পোড়া কাঠ , বাঁশ , পোড়া কাপড় দিয়ে বোঝার চেষ্টা করেছি, ঠিক কোনখানটায় প্রেমাশিসদাকে পোড়ানো হয়েছিল । মাও জানতো না । নাহলে মা ঠিকই দেখাত । আমার জানার প্রবল ইচ্ছে হত কারন , জেঠিমা তার ছোট ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি । প্রায় পাগল হয়ে গেছিলমাঝে মাঝেই শ্মশানে চলে আসত আর ছেলের চিতার চাই ভস্ম গায়ে মাখতকেঁদে কেঁদে না খেয়ে না ঘুমিয়ে সে অসুস্থ হয়ে পড়তশরীর কঙ্কাল সার হয়ে পড়েছিল । 

এই ঘটনার প্রায় ৭ বছর পর শিখাদির বিয়ে ঠিক হয়। অনেক দিন পর সেখানে গিয়ে আবার কিছুটা খুশির মুহূর্ত কাটাই । জেঠিমা ততদিনে নিজেকে কিছুটা সামলেছেতবে ভুল করেও তার সামনে কেউ প্রেমাশিসদার নাম উচ্চারন করতো না । সেই বিয়েতে আমি প্রথম আমি আমার মেজ কাকু, সান কাকিমা , আর এক খুড়তুতো ভাইকে দেখি । মেজ কাকুকে দেখতে প্রায় বাবার মতো । হাইট একটু কম হবে । মা দুর থেকে কাকুর একটা ফটো তুলেছিল। শিখাদির বিয়ের অনেক ছবি এখনও আমাদের অ্যালবামে আছে । তার মধ্যে মা আর দুই কাকিমার একসাথে বসে খাওয়ারও একটা ছবি আছে । তিনজন একসাথে হাসি মুখে টেবিলে খেতে বসেছে এরকমই একটা ছবি । তিন জা এর একসাথে কাটানো মুহূর্ত একটা ফ্রেমেই বন্দি হয়ে আছে । এই সব, কিছু ছোট ছোট জিনিস সেদিন পেয়েছিলাম । তার পর গেছিলাম আবার প্রায় ২ বছর পর ২০০৩ এর শুরুতে বোধ হয় । দেবাশিসদার বিয়েতে । মাসটা জানুয়ারী বা ফেব্রুয়ারি । বেশ শীত ছিল । বিয়ে করাতে গিয়েছিলাম । সোয়েটার পরলে, সুন্দর জামা দেখাই যাবে না, তাই ঐ কনকনে শীতের রাতেও সোয়েটার পরিনি । নাচা গানা হই হুল্লোড় সবের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল , জেঠিমা । যেন সে থেকেও নেই । কোন কিছুই তাকে ছুঁতে পারছিল না ।

এর পর থেকে সেভাবে আর যাওয়া হয়নি সুলতানপুর । যোগাযোগ খবরা খবর কমে আসছিল । একদিন শুনলাম শিখাদি, শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছে । প্রায় চার বছর সংসার করার বৃথা চেষ্টা করে , অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করে , নিঃসন্তান শিখাদি ফিরে এসেছিল তার মায়ের কাছে । বাড়িতে তখন মা, মেয়ে আর বৌমা । অন্য পাঁচটা বাড়ির মতো এবাড়িতেও অশান্তির আগুন জ্বলে উঠেছিল ধিরে ধিরে । শিখাদি মানসিক ভাবে সুস্থ ছিল না । যদিও আমি কোন দিন তার মধ্যে কোন অস্বভাবিকাতা লক্ষ্য করিনি । সুস্থ মানুষের মতো ,তার স্নান, খাওয়া, ঘুম, কথা বলা ছিল । আমাকে কোলে বসিয়ে ছোট বেলায় গল্প শোনাত । সেই মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়েই সমস্যা শুরু হয় । আর একদিন সে বিষ খেয়ে আত্মহত্যা করে । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় । শুনেছি হাসপাতালে আর নিয়ে যাওয়া হয়নি তাকে । আত্মহত্মা হলেও তার ময়না করা হয়নি । সরাসরি শ্মশানে নিয়ে গিয়ে তার সৎকার করা হয়যেটা আমার বেআইনি এবং অপারাধ মূলক একটা কাজই মনে হয়েছে । আর জানিনা, জেঠিমা তার দ্বিতীয় সন্তান শোকে কি করেছিল । দুই পরিবারের সময়ের অভাবে, নিজ নিজ কাজে ব্যাস্ততার কারনে, দূরত্ব বাড়তে বাড়তে এখন যোগাযোগ প্রায় ছিন্ন বললেই চলে । তাই এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি ।

কিছুদিন আগে, মা বলল, জেঠিমাও চলে গেছে । একদিন সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না । বেলার দিকে তার ঝুলন্ত নিথর দেহ উদ্ধার করা হয় ছাদের এক চিলে কোঠার ঘর থেকে । তার পর কি হয়েছে জানি না । শুধু মনে হয়েছে এই সন্তানহীন জীবন থেকে মুক্তি নিয়েছে এক মা যে তার আত্মজ আত্মজার অসময়ে তাকে ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেনি । পার্থনা করি , যে সন্তানদের শোকে সে তার নিজের জীবনকে উপভোগ করতে পারেনি, যেন জীবনের ওপারে সে তার সেই হারানো সন্তানদের দেখা পায়, তাদের সাথে খুশি থাকে ।

এতো কথার মাঝে যার কথা বলা হল না সে হল জেঠু, শ্রী মদন চৌধুরী । সেও তার দুই সন্তান ও স্ত্রীকে হারিয়েছে এই ঘটনা বহুল জীবনে এই সাধারণ মানুষটার মনের খবর কেউ কোনদিন রাখেনি । হয়তো তার স্ত্রীও না । রাখলে হয়তো এভাবে শেষ বয়সে তাকে একা সঙ্গীহীন করে স্বেচ্ছায় চলে যেতে পারত না । এই মানুষটা সারা জীবন চুপ চাপ নিজের কাজ করে গেছে । রাগ, দুঃখ, আভিমান, প্রতিবাদ তার জীবনে নিষ্ঠুর ভাবে আঁচড় কেটেছে ঠিকই, কিন্তু সেই ক্ষত তার মনকে বিষিয়ে দিতে পারেনি । চিৎকার করে বুক চাপড়ে কাঁদেনি বলেই হয়তো সবাই ধরে নিয়েছে সে ঠিক ছিল ও আছে । আর হয়তো তাই আমারও জেঠুর মুখের সেই মিষ্টি হাসি ছাড়া আজ আর কিছুই মনে পড়ে না ।      

             মৌমিতা সাহু
             ২৫/০১/২০১৬ , ব্যাঙ্গালোর