Saturday, 14 October 2017

মোক্ষপথ

রূপের আসরে যদি হও রানী ,
ভিখারিনী হবে কাল ।
পড়বে চোখে অহঙের ছানি ,
বুনবে রঙিন জাল ।।

অর্থের ঘরে যদি হও রাজা ,
ফুরাবে কালের চক্রে ।
উড়বে না তার ক্ষুরধার ধ্বজা ,
লেখা হবে নাকো পত্রে ।।

যশ খ্যাতি যদি চাটে পদতল ,
হারাবে আগামী পথে ।
তুমি রবে পড়ে ঐ ভূমি তলে ,
কিছু যাবে নাকো সাথে ।।

যদি তুমি কর মানবের পুজা ,
যদি ভালোবাসো জনে ।
লেখা রবে তুমি স্বর্ণ হরফে ,
সকল মনের কোনে ।।


মৌমিতা সাহু, ব্যাঙ্গালোর

১৫ই অক্টোবর ২০১৭

Friday, 13 October 2017

ক্ষমা

ভুলে যাও তুমি অতীতের কথা ,
কর নিজেকে ক্ষমা
আপনারে আর দিয়ো  নাকো ব্যাথা ,
কোরোনা কখনো ঘৃণা ।।

এই পৃথিবী শত ভুলে ভরা ,
তুমিও করেছ বহু ।
সাজা দিয়েছ কত শত বার ,
করেছ কি ক্ষমা কভু ?

দিনের শুরু করো কর জোড়ে,
প্রভুকে সমুখে রাখি ।
নিজরে অপরে ভেদাভেদ ভুলি,
মনে উদারতা মাখি ।।

আঁধার কুঠিতে বন্ধ হোয়োনা ,
শ্বাস কোরো নাকো রুদ্ধ ।
মুক্ত কর আজি নিজেকে ,
শেষ হোক একক যুদ্ধ ।।


মৌমিতা সাহু
১২ই অক্টোবর ২০১৭ , ব্যাঙ্গালোর
  

অকাল বর্ষা বোধন

আষাঢ় শ্রাবণ পেরিয়ে গেল, বৃষ্টি তুমি কৈ?
ভাদ্রে এসে পড়লে ঝরে, জল করে থইথই ।।
আশ্বিনেতে মা আসছে , বর্ষা তুমি যাও ।
বদমেজাজি বর্ষা তুমি, শুনতে নাহি পাও ।।
বর্ষাতিতে মা এসেছেন , সঙ্গে ছানা পোনা ।
ইলশে গুঁড়ি কিংবা ভারি , জলের মূর্ছনা ।।
তবুও সবাই বেরিয়ে পড়ে , মাথায় মেঘের বোঝা ।
নতুন সাজে সাজবে সকল , করবে সবাই মজা ।।
এবার মাকে ফিরতে হবে, ধরতে হবে ছাতা ।
কাঁদব; নাকি ধরব ছাতা , সেটাই মাথা ব্যাথা ।।
মা বললেন, ‘ছাতাটা ধর ; কান্নাকাটি  পরে’ ।
‘নতুন শাড়ি ভিজলে আমার , ফিরব কেমন করে’ ।।
গুমরে ওঠে মন সকলের , চোখ ছল ছল করে ।
বলো না মা; বৃষ্টিকে, এবার ফিরুক ঘরে ।।
মা তখনই একটু করে, মুখে দিলেন মিষ্টি ।
আর বললেন, জানিস না তুই ? এখন পুজার ছুটি ।।
এখন আমি করব না কাজ, শুধুই খাওয়া দাওয়া ।
ভাই ফোঁটা আর কালি পুজার,  পরেই কাজে যাওয়া ।।

মৌমিতা সাহু

১২ই অক্টোবর ২০১৭ , ব্যাঙ্গালোর