Thursday, 20 April 2017

বিশ্বাস

দিও নাকো দোষ একে ওকে ,
তাকিয়ে দেখো নিজের দিকে ।
দেখো ভেবে একটি বার ,
বন্ধ চোখ খোলো এবার ।
হাসি কান্নার কারন গুলো ,
তোমার কাছে এলোমেলো ।
এবার তাদের গুছিয়ে রাখো ,
একটার সাথে একটা গাঁথো ।
তৈরি হবে যে মালা খানি ,
তার দুই প্রান্তে তোমারই পাণি । 
সগর্বে তাকে গলায় পরো ,
এটাই তুমি , জিতো কিংবা হারো ।।


মৌমিতা সাহু

২০ই  এপ্রিল  ২০১৭,  ব্যাঙ্গালোর

Tuesday, 18 April 2017

মাটির উপাখ্যান

নরম মাটিতে পড়েছে আঁচড় ,
পুড়েছে সে আগুনে ।
বাহির ভিতর সমান জ্বলেছে ,
কঠিন হয়েছে নিজ গুনে ।।

কঠিন মাটিতে পড়েছে এসে ,
তপ্ত তরল লাভা ।
নিয়েছে সে শতেক বছর ,
হতে পরিণত শিলা ।।

কত রোদ জল ঝড় গেল চলে ,
শিলার ওপর দিয়ে ।
ছোট বড় ফাটে গেল সে ভরে ,
তবু সে রইল দাঁড়িয়ে ।।

কোথা হতে এক উড়ো হাওয়া এলো ,
সাথে তার এক কনা ।
পড়ল শিলার কঠিন  ফাটলে ,
অঙ্কুরে তার সূচনা ।।

কেউ জানে না  তার পরিচয় ,
লতা কিনা মহীরুহ ।
দুজনার তরে দুজনার ছিল ,
অজানা এক সমীহ ।।

একদিন এলো উত্তুরে হাওয়া ,
না দিল আগাম বার্তা ।
তুষার খুশিতে  পড়েছিল ঝরে ,
জুড়তে আর এক মাত্রা ।।

অঙ্কুরিত চারাগাছ খানি ,
সম্বল পাতা তিন ।
সমাধিত হল কঠিন বরফে ,

মাটি হল আজ তুহিন ।।


মৌমিতা সাহু
১৮ই এপ্রিল ২০১৭, ব্যাঙ্গালোর

Monday, 17 April 2017

কামিনী

প্রতি রাতে তুমি হাওয়ায় ভাসো ,
মাতিয়ে রাখো মন ।
দিনের আলোয় পাইনা দেখিতে ,
তোমা রূপ যৌবন ।।

একদিন আমি আঁধার আলোতে ,
তোমায় খুঁজিতে যাই ।
কানন মাঝে কামিনী তুমি ,
দেখিতে তোমায় পাই ।।

বুক ভরে নিই সুবাস তোমার ,
চোখ ভরে নিই রূপ ।
মনে হয় যেন জড়ায়ে ধরিলে ,
তবেই সর্ব সুখ ।।

ভীরু ভীরু হাতে ছুঁতে চাইলাম ,
তোমায় একটি বার ।
সাথে সাথে তুমি ধুলায় লুটালে ,
আমি মানিলাম হার ।।

ছড়াও তোমার সুবাস বাতাসে ,
মেলে ধরো তব রূপ ।
আঁখি  ভরা জলে দিনু কথা  আজ ,
ফিরাব না এই মুখ ।।


মৌমিতা  সাহু

১৭ই এপ্রিল ২০১৭, ব্যাঙ্গালোর