Sunday, 9 April 2017

উল্কা

চলেছি সেই কবে থেকে,  দিন রাত না গুনি ।
কখনো পেয়েছি নদী আবার,  কখনো মরুভূমি ।।

পার হয়েছি কত না পাহাড়,  পার হয়েছি বন ।
খোঁজার নেশায় পেয়েছে আমায়,  খুঁজবো প্রাণপণ ।।

নদীর বালি চালিয়ে কভু,  পেলাম সোনার কণা ।
দিলাম তারে ভাসায়ে আবার,  চাইনা  আমার সোনা ।।

পাহাড় গায়ে খোদাই করে , পেলাম রুপোর চ্যাঁই ।
রুপো নিয়ে করবো টা কি, দিলাম ফেলে তাই ।।

ডুব দিয়েছি সাগর তলে , পাই মুক্তোর দেখা ।
মুক্তো দিয়ে নাই মোর কাজ,  সাথে রাখাই বৃথা ।।

ক্লান্ত পায়ে, শ্রান্ত গায়ে , ধরেছি ফেরার পথ ।
ধুলো মাটি কাদা মেখে , চরণকে করি রথ ।।

আঁধার পথে হোঁচট খেলাম, লাগলো পায়ে চোট ।
ঝরল কিছু রক্ত আবার , নিচে রাখলাম মোট ।।

খানিক বাদে সামলে উঠি , কমলে যন্ত্রণা ।
এ যে দেখি খসা তারার , একটি মাত্র কণা ।।

হাতে তুলে নিলাম তারে, চোখ করে জ্বলজ্বল ।
কোথায় রাখি এবার তোরে, তুইই মোর সম্বল ।।

মোটা সুতোয় জড়ায়ে শেষে, গলায় পরি তারে ।
আমার খোঁজা সার্থক আজ, উল্কা পাওয়ার পরে ।।



মৌমিতা সাহু

9th April 2017 , ব্যাঙ্গালোর

Tuesday, 4 April 2017

কিংশুকুরই

আহা বাহা করে লোকে , যে তাহারে দ্যাখে ।
নতুন  নিখুঁত  মন,  রাখি চোখে চোখে ।।

কোথা থেকে এলো এক,  আনমনা জন ।
না বলে না কয়ে সে,  হাতে নিল মন ।।

হাত কাঁপে পা কাঁপে ,  কাঁপে তার আঁখি ।
অবশেষে ফসকালো,  পাথরের বাটি ।।

সুন্দর মন  হল ,  ভেঙ্গে খান খান ।
তবে কি এবার তার,  স্থান কুঁড়ে দান ?

জড়ো করি একে একে,  ফেলিবারে তারে ।
আজি বুঝি সব জল,  শেষ হবে ঝরে ।।

হঠাৎ আশার আলো,  কে যে জ্বালালো ?
সোনা আর আঠা দিয়ে,  ভাঙা জুড়ালো ।।

আজ সে যে আরও দামী,  চেয়ে দেখো ঐ ।
পাথর বাটি হল ,  কিংশুকুরই ।।



মৌমিতা সাহু

৩০ই মার্চ ২০১৭, ব্যাঙ্গালোর

ঝলসানো বসন্ত

রোদের তেজ বাড়ছে দিন দিন,
পুড়িয়ে দিচ্ছে চারিদিক ।
গাছের যতো পাতা ফুল ,
গুলমোহর ,কৃষ্ণচূড়া, শিমুল ।
সব  ঝরে যাচ্ছে একে একে।।
ফিকে হয়ে আসছে  বসন্তের রং ।
হয়তো এবার ঝড় উঠবে ,
কালবৈশাখী ।।
আর ভেঙ্গে যাবে মৌচাক ।।
ছবির রং হবে আবার কালো,
হয়তো ,  তাই হবে ভালো ।।


মৌমিতা সাহু

১৯ই মার্চ ২০১৭, ব্যাঙ্গালোর