Wednesday, 6 July 2016

আহ্বান

চলে  যেতে দাও,
আজি পুরাতনে;
রেখোনা জড়ায়ে ধরে ।
নূতনেরে  আজি,
করো আহ্বান;
আসনে বসাও তারে ।।

ঝরে যাক আজি,
বিবর্ণ পাতা;
শুকনো ফুলের পাপড়ি ।
ভরে যাক শাখী,
নানা রঙে সাজি;
কিছু ফোটা ফুল, কিছু কুঁড়ি ।।

খসে  যাক সব,
আকাশের তারা;
যার নাই কোন আলো ।
দেখা দিক কোন,
নতুন  সূর্য;
ছোট হোক , তাও ভালো ।।

বাষ্প হয়ে ,
উড়ে চলে যাক;
যতো কলুষিত জল ।
নামুক এখনই,
ঘন বারি ধারা;
এ ধরণী হোক শীতল ।।

ধুয়ে যাক মাটি,
মুছে যাক সব;
বয়ে নিয়ে যাক সাগরে ।
গড়ে উঠুক এক,
নতুন পৃথিবী;
তোমার আমার তরে ।।

মৌমিতা সাহু, ব্যাঙ্গালোর

০৫/০৭/২০১৬

গুণগ্রাহী

ঈশ্বর পায়ে আজকে তুমি,
নিবেদিলে যে ফুলমালা ;
জানতে চাওকি, কখন ফুটেছে ,
রাতে না ভোর বেলা  ?

দুধের তৈরি ক্ষীর দই খাও,
স্বাদ তার বেশ খাসা ;
কিন্তু গাভির রংটা কি ছিল,
কুচকুচে কালো, নাকি সাদা?

বাজার সেরা পাকা আম নিলে,
বুঝছিলে মিষ্টি গন্ধে ;
ছালের রঙে যায় আসে না,
লাগেনা বিচার করতে ।

সবজি সবই সতেজ  দেখে ,
কিনলে দেখি ভালো ;
কোন মাটিতে জন্মেছে সেসব
রং তার  লাল না কালো ?

মাছটা সবার সুস্বাদু চাই,
দুপুরে ভাতের পাতে ;
কোন পুকুরে বড় হল সে,
যায় কি আসে তাতে ?

সব কিছু থেকে গুনই নিলে,
রূপ নিলে নাতো কারো ;
তবে কেন শুধু মানুষের বেলা ,
দেখ বেঁটে, নাকি সে কালো !!

সবার  আগে দর্শন ধারি ,
পরে দেখো  তার গুনবিচারী ।
এ কথা যদি আজও মানো,
তবেতো তুমি বেশ পুরনো ।

যদি হয় কেউ  গুণীজন,
রূপে  তার নাই প্রয়োজন ।
গুনের কদর করো আজ যদি,

কাল  রং রূপে সাজবে পৃথিবী ।                      

মৌমিতা সাহু, ব্যাঙ্গালোর, 
২৮/০৬/২০১৬